প্রকাশিত: Mon, Mar 20, 2023 10:19 AM
আপডেট: Fri, Sep 11, 2026 5:48 AM

উচ্চাঙ্গ শাস্ত্রীয় সংগীতজগতের অবিস্মরণীয় সানাই বাদক উস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের জন্মদিন

আশিক নূরী : [১] উস্তাদ বিসমিল্লাহ খান সাহেব একজন ভারতীয় সানাই বাদক। ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় নাম। সানাইকে উচ্চাঙ্গ সঙ্গীত বাদনের মর্যাদায় অধিষ্ঠিত করে এই অমর শিল্পী ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে ওস্তাদ উপাধিতে ভূষিত হয়েছেন। উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের মধ্যে তিনি তৃতীয় যাঁরা ভারতরত্ন পদক পেয়েছেন। তিনি ছিলেন অল্পসংখ্যক গুণীদের মধ্যে একজন যিনি ভারতের চারটি সর্বোচ্চ বেসামরিক পদকে সম্মানিত হয়েছেন।

[২] বিসমিল্লাহ খান ২১ মার্চ ১৯১৬ সালে বিহারের বক্সার জেলার ডুমরাও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম পয়গম্বর খান ও মা মিঠান। ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের পূর্বপুরুষেরা বিহারের ডুমরাও রাজ্যের রাজ সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি ছিলেন বারাণসীর বিশ্বনাথ মন্দিরের সানাই বাদক। ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব ছিলেন একজন ধার্মিক সুন্নি মুসলমান। [৩] সানাইকে ভারতের উচ্চাঙ্গ সঙ্গীত জগতের যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করবার একক কৃতিত্ব ভারতের উচ্চাঙ্গ ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবের। ১৯৩৭ সালে কলকাতায় অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে সানাই বাজিয়ে একে ভারতীয় সঙ্গীতের মূল মঞ্চে নিয়ে আসেন। 

আফগানিস্তান, ইউরোপ, ইরান, ইরাক, কানাডা, পশ্চিম আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, জাপান, হংকংসহ পৃথিবীর প্রায় সকল রাজধানী শহরেই ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেবর সঙ্গীত প্রভা ছড়িয়েছেন। [৪] বিসমিল্লাহ খান সঙ্গীত জগতে অবদানের জন্য- ‘ভারতরত্ন (২০০১)’, ‘পদ্মবিভূষণ (১৯৮০)’, ‘পদ্মভূষণ (১৯৬৮)’, ‘পদ্মশ্রী (১৯৬১)’, ‘সঙ্গীত নাটক একাডেমী পুরস্কার (১৯৫৬)’ ও ‘সঙ্গীত নাটক একাডেমীর ফেলো (১৯৯৪)’ সম্মাননা অর্জন করেন। বিখ্যাত এই সানাই বাদক ২১ অগাষ্ট ২০০৬ সালে মারা যান।